
মোহনপুর:
পড়াশোনার স্বপ্ন নিয়ে সুদূর রাজস্থান থেকে ত্রিপুরায় এসেছিলেন। কিন্তু সেই স্বপ্নের ক্যাম্পাসেই ঘটল মর্মান্তিক পরিণতি। বৃহস্পতিবার সকালে মোহনপুর মহকুমার লেম্বুছড়াস্থিত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হোস্টেল থেকে এক পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের নাম কৃষ্ণ শর্মা। তিনি বি.এ. দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং রাজস্থানের চুরু এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টা নাগাদ ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসে। দুপুরের দিকে খবরটি এলাকাতে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছায় লেফুঙ্গা থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এই ঘটনা ঘটল, এর নেপথ্যে কোনো ব্যক্তিগত কারণ নাকি অন্য কোনো বিষয় রয়েছে—তা আপাতত স্পষ্ট নয়। পুলিশের তদন্তেই প্রকৃত রহস্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা গুরুচরণ সিং নেগী।