
শান্তিরবাজার:
নিজের জন্মদিনকে ব্যক্তিগত আনন্দের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় ও প্রবীণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন জোলাইবাড়ির শিক্ষাকর্মী লোপা চক্রবর্তী। জন্মদিন উপলক্ষে গোমতী জেলার পূর্ব গোকুলপুর অমৃতালয় বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে আবাসিকদের সঙ্গে কেক কাটেন তিনি। পাশাপাশি তাঁদের হাতে তুলে দেন ফলমূল, মিষ্টি এবং চাল, ডাল, তেল, মশলা-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।জানা যায় লোপা চক্রবর্তীর বাড়ি উত্তর জোলাইবাড়ির এম. এম. স্কুল পাড়া এলাকায়। তাঁর বাবা প্রয়াত হরিপদ চক্রবর্তী জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বাবাকে হারান তিনি। এরপর মা প্রীতি চক্রবর্তীর স্নেহ-ভালোবাসায় বড় হয়ে ওঠেন লোপা। তাঁর মা একজন প্রাক্তন স্বাস্থ্যকর্মী।প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে পশ্চিম জোলাইবাড়ি কে. টি. ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শিক্ষাকর্মী পদে কর্মরত রয়েছেন তিনি। ছোটবেলা থেকেই অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন লোপা। সেই মানবিক ভাবনা থেকেই নিজের জন্মদিনে বৃদ্ধাশ্রমের প্রবীণদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন।এই কর্মসূচিতে তাঁর পরিবারের অন্যান্য সদস্য ও বৃদ্ধাশ্রমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যক্তিগত আনন্দকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করে লোপা চক্রবর্তী যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এই উদ্যোগ আগামী দিনে আরও অনেককে অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।