Home BREAKING NEWSবিশালগড়ের কোনো বুথেই বিরোধী দলের এজেন্ট নেই

বিশালগড়ের কোনো বুথেই বিরোধী দলের এজেন্ট নেই

by News On Time Tripura
0 comments 14 views

(তাজুল ইসলামের বিশেষ প্রতিবেদন)

বিরোধীদের একের পর এক বিস্ফোরক অভিযোগ ও রাজনৈতিক চাপানউতোরের মধ্য দিয়েই শেষ হলো বিশালগড় পুর পরিষদের নির্বাচন। নির্বাচনের দিন গোটা বিশালগড় জুড়ে শাসক-বিরোধী তরজায় সরগরম ছিল রাজনৈতিক মহল। বিরোধীদের অভিযোগ, সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে শাসকদলের প্রভাব ও – দাপটের কারণে বিরোধী দলের এজেন্ট, প্রার্থী এমনকি সাধারণ বিরোধী সমর্থিত ভোটাররাও ভোটকেন্দ্রে যেতে পারেননি। যদিও শাসক বিজেপির দাবি, সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিরোধী দল সিপিআইএমের তরফে এই নির্বাচনকে প্রহসনমূলক এবং ভোট লুটের নির্বাচন বলে – আখ্যায়িত করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার অভিযোগ করেন, সকাল থেকেই তাদের দলের নির্বাচনী এজেন্টরা ভোটকেন্দ্রে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয় এবং আক্রমণ করে বের করে দেওয়া হয়। তার দাবি, ভোটারদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্র থেকে সরিয়ে দিয়ে অবাধে ভোট লুট করা হয়েছে।

 

তিনি আরও অভিযোগ করেন, – কয়েকবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা পর্যন্ত ভোট দিতে যাননি। বিরোধী দলের প্রার্থীরাও ভোটদান থেকে বিরত থেকেছেন। এমনকি, তিনি নিজেও ভোট দেননি বলে জানান। পার্থপ্রতিম মজুমদারের অভিযোগ, নির্বাচনের আগেই শাসকদলের তরফে নির্দিষ্ট কিছু বাড়িতে বিশেষ স্লিপ পৌঁছে দেওয়া হয়েছিল। সেই স্লিপ ছাড়া অন্য ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধার মুখে পড়তে হয়েছে। অন্যদিকে, কংগ্রেসের তরফেও একাধিক গুরুতর অভিযোগ সামনে আনা হয়েছে। কংগ্রেসের অভিযোগ, মুড়াবাড়ি ভোটকেন্দ্রে দলীয় প্রার্থী আব্দুল মান্নান সকালে ভোটকেন্দ্রে যাওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয়। ৭০ ঊর্ধ্ব এই বয়স্ক প্রার্থীকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে বলে দাবি কংগ্রেসের। এছাড়াও একাধিক এলাকায় বিরোধী দলের কর্মী-সমর্থকদের বাড়ি থেকে বের হলেই হুমকি ও আক্রমণের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করা হয়।

banner

 

বিরোধীদের এই সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন বিশালগড়ের বিজেপি বিধায়ক সুশান্ত দেব। তার বক্তব্য, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে দেখে বিরোধীদের গাত্রদাহ শুরু হয়েছে। তিনি অতীতের প্রসঙ্গ টেনে বলেন, ২০০৪ সালে বিশালগড়ে পঞ্চায়েত নির্বাচনের সময় তৎকালীন শাসক সিপিআইএমের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। সেই সময় বিরোধীদের ভোট বয়কটের পরিস্থিতি তৈরি হয়েছিল। অথচ আজ মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। কোথাও কোনও ভোটার অভিযোগ জানাচ্ছেন না। তাই রাজনৈতিকভাবে বিজেপিকে বদনাম করতেই বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলছে বলে দাবি করেন তিনি। তবে গোটা নির্বাচনী প্রক্রিয়ায় একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। বিরোধীদের অভিযোগ অনুযায়ী, ভোটকেন্দ্রে তাদের এজেন্ট ও প্রার্থীদের উপস্থিতি ছিল না বললেই চলে। অন্যদিকে, বিরোধী শিবিরের পরিচিত বহু ভোটারেরও দেখা মেলেনি। যদিও বিরোধীরা এটিকে ভয়ভীতি ও বাধার ফল বলে দাবি করেছে সেখানে শাসকদল এই পরিস্থিতিকে বিরোধীদের রাজনৈতিক ব্যর্থতা হিসেবে তুলে ধরছে।

এদিকে, বিশালগড় পৌর পরিষদের মোট ১৫টি ওয়ার্ডের মধ্যে ১ ও ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় বাকি ১৩টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৬টি ভোটকেন্দ্রে চলে ভোটগ্রহণ প্রক্রিয়া। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫ হাজার ২০৮ জন। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২ হাজার ১৮৫ জন। ভোটদানের হার ৮০.১২ শতাংশ।

Leave a Comment