কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া কুমারঘাটে সুষ্ঠু নির্বাচন
রাজ্যের অন্যান্য পুরনিগমের সঙ্গে তাল মিলিয়ে কুমারঘাট মহকুমার ১৫টি ওয়ার্ডেও অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ভোটগ্রহণ প্রক্রিয়া। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর না থাকায় সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কুমারঘাটের মহকুমা শাসক শুভম মিনা এবং মহকুমা পুলিশ আধিকারিক ডেভিড দেববর্মা ভোটগ্রহণের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গোটা প্রক্রিয়ায় সেন্ট্রাল ফোর্স, রাজ্য পুলিশ এবং টিএসআর জওয়ানদের সক্রিয় ও সতর্ক ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যদিকে, ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ১৫টি ওয়ার্ডের সমস্ত ইভিএম মেশিন কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কুমারঘাট উচ্চতর বালিকা বিদ্যালয়ে নিয়ে এসে জমা করা হয়েছে। সব মিলিয়ে প্রশাসনের তৎপরতা, নিরাপত্তা বাহিনীর সতর্ক নজরদারি এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুমারঘাটে শান্তিপূর্ণভাবেই শেষ হলো নির্বাচনের ভোটগ্রহণ পর্ব।