Home রাজ্যশান্তিরবাজারে শুরু হল আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির দশম অধিবেশন

শান্তিরবাজারে শুরু হল আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির দশম অধিবেশন

by News On Time Tripura
0 comments 15 views

শান্তিরবাজার প্রতিনিধিঃ

মহাসমারোহে শুরু হল আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির দশম অধিবেশন-২০২৬। শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মুকুট প্রেক্ষাগৃহে রক্তকরবী মঞ্চে এই অধিবেশনের উদ্বোধন হয়। দুদিনব্যাপী এই অধিবেশন চলবে রবিবার পর্যন্ত।আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির দশম অধিবেশনের শুরুতে শান্তিরবাজার মুকুট প্রেক্ষাগৃহ প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সংগীত, নৃত্য ও নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমৃদ্ধ এই শোভাযাত্রা শান্তিরবাজার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মুকুট প্রেক্ষাগৃহ প্রাঙ্গণে মিলিত হয়। এরপর হয় জাতীয় পতাকা ও সমিতির পতাকা উত্তোলন হয়। সেইসাথে অধিবেশন উপলক্ষ্যে আয়োজিত চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অধিবেশনের উদ্বোধন করেন বাইখোরা ইস্কন মন্দিরের প্রধান পরিচালক করুনেশ্বর মাধব দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সম্ভু মানিক, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট প্রাবন্ধিক অভিক কুমার দে, দিল্লি থেকে আগত সমিতির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শ্রীমতী চক্রবর্তী, জলপাইগুড়ি শাখার সভাপতি জ্যোতি প্রসাদ রায়, দুর্গাপুর শাখার সভাপতি সুতপা ঘোষ, শান্তিরবাজার শাখা সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী, অধিবেশনের সংযোজক দিলীপ বণিকসহ অন্যান্য অতিথিরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পীরা। অধিবেশনে ত্রিপুরা শাখার প্রতিনিধিদের পাশাপাশি দুর্গাপুর, জলপাইগুড়ি, দিল্লিসহ বিভিন্ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অধিবেশনে অতিথিদের বক্তব্যের পাশাপাশি সংগীত, নৃত্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা।সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিবেশনের সংযোজক দিলীপ বণিক জানান, মাতৃভাষা মাতৃ দুগ্ধ সমান। যদি কোনো জাতি নিজের মাতৃভাষাকে ভূলে যায় সেই জাতি কখনও অগ্রসর হতে পারে না। বর্তমান সময়ে দেখা যাচ্ছে একটা অংশের বাঙালী নিজের মাতৃভাষাকে ভূলে গিয়ে অন্য ভাষার প্রতি তাদের ছেলেমেয়েদের ঠেলে দিচ্ছে। যা বাঙালী ও বাংলা ভাষার অগ্রগতির পথে অন্তরায়। এক্ষেত্রে ছেলে-মেয়েদের বাংলা ভাষার প্রতি আকৃষ্ট করার জন্য অভিভাবকদের আরও বেশী যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Comment